প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৩:৫৭ AM

চীনের গুয়াংডন প্রদেশের ইয়াংজিয়াং শহরে জন্মনিয়ন্ত্রণ পিল কিনতে গিয়ে এক ব্যক্তির গোপন পরকীয়া ফাঁস হয়ে গেছে। স্থানীয় গণমাধ্যম ও সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদনে জানা যায়, ওই ব্যক্তি একটি ফার্মেসি থেকে পিল কিনতে গিয়ে বিপাকে পড়েন।
ওষুধের দাম ১৫.৮ ইউয়ান পরিশোধে সমস্যা হলে ফার্মেসির কর্মীরা তার মেম্বারশিপ কার্ডে দেওয়া ফোন নম্বরে কল দেন। দুর্ভাগ্যবশত, নম্বরটি তার স্ত্রীর ছিল। স্ত্রী ফোন ধরলে কর্মীরা জানিয়ে দেন যে জন্মনিয়ন্ত্রণ পিল কেনা হচ্ছে। এতেই স্বামীর পরকীয়া সম্পর্কে জানতে পারেন স্ত্রী।
ঘটনায় বিব্রত ওই ব্যক্তি অভিযোগ করেন, ফার্মেসির ভুলেই তার ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ হয়েছে। তিনি ওষুধের রসিদসহ একটি পুলিশ রিপোর্টও জমা দিয়েছেন। তবে আইন বিশেষজ্ঞ ফু জিয়ানের মতে, “পরিবার ভাঙনের আসল কারণ ওই ব্যক্তির অবিশ্বস্ততা। ফার্মেসি গোপনীয়তা ভঙ্গ করেছে কি না, তা প্রমাণ করা কঠিন, কারণ কলটি নিয়ম মেনেই করা হয়েছিল।”
এর আগে চীনে আরেক ঘটনায় এক নারী তার স্বামীর ভাড়া করা অ্যাপার্টমেন্টে গোপন ক্যামেরা বসিয়ে পরকীয়া ধরেন। পরে ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ায় আদালত তাকে ভিডিও মুছে ফেলার নির্দেশ দিলেও অন্য স্ত্রীর প্রতি ক্ষতিপূরণ বা ক্ষমা প্রার্থনার আবেদন খারিজ করে দেয়। এই নতুন ঘটনাটিও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ