প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১:৫৬ AM

মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের কালির বাজারসহ বিভিন্ন এলাকায় শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা প্রচারের জন্য লিফলেট বিতরণ করেছেন সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র, চাঁদপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
বিএনপির সূত্রে জানা যায়, ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা ঘোষণা করেন। এ কর্মসূচির ধারাবাহিকতায় জেলা বিএনপি নেতারা মাঠে নেমে সাধারণ মানুষের হাতে এ দফাগুলোর বার্তা পৌঁছে দিচ্ছেন।
লিফলেট বিতরণের সময় তানভীর হুদা বলেন, “রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি মুক্ত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা। দেশে আইনের শাসন, সুষ্ঠু নির্বাচন, নাগরিক স্বাধীনতা ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠা করাই এর মূল লক্ষ্য। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছরের শাসনব্যবস্থায় মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি জনগণের কণ্ঠস্বর ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর।”
লিফলেট বিতরণ কার্যক্রমে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা জনগণের সঙ্গে কথা বলে ৩১ দফার তাৎপর্য ব্যাখ্যা করেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ