প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১:৩৮ AM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মিরপুর বাজারে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের সভাপতিত্ব করেন আহ্বায়ক মো: মজিবুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো: সাদেকুল ইসলাম (মোল্লা)।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও নবীনগর-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কে এম মামুন।
তিনি বলেন, “দেশ এখন চলবে জনগণের ইচ্ছায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফাই হবে মুক্তির রূপরেখা। আগামী নির্বাচন নিয়ে একটি দল বানচাল করার চেষ্টা করছে, যাদের ভোট নেই, রেজিস্ট্রেশন নেই। আমাদের নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।”
সম্মেলনের প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো: এনায়েত উল্লাহ খোকন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা মো: সাইফুল হক। এছাড়া জেলা ও উপজেলা কৃষক দল ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
শেষে মো: মজিবুর রহমানকে সভাপতি ও মো: সাদেকুল ইসলাম (মোল্লা)কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট শিবপুর ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ