প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১১:২৬ পিএম

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাংলাদেশ হাট সিটি সেন্টারে কর্মী সমাবেশ ও আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল। মানিকগঞ্জ সদর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আব্দুল আলীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন।
বক্তারা বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে জনগণ নির্যাতন ও দমন-পীড়নের শিকার হয়েছে। এসব অন্যায়ের বিরুদ্ধে জাসাসকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি বিএনপিসহ অঙ্গসংগঠনের সহযোগিতায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখতে হবে এবং আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকলে একযোগে কাজ করতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব শামীম বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস লোটাস, সদর উপজেলা জাসাসের সভাপতি প্রদীপ সূত্রধরসহ বিএনপি ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ