প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৮:০৭ পিএম

ময়মনসিংহের ভালুকায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি এবং অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে এ অভিযান পরিচালিত হয়।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে অর্ধশতাধিক মোটরসাইকেল ও সিএনজি-অটোরিকশা আটক করা হয়। আটক যানবাহনগুলোর বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মহাসড়কে রেজিস্ট্রেশনবিহীন ও অবৈধ যান চলাচলের কারণে ঘন ঘন যানজট ও সড়ক দুর্ঘটনা ঘটছে। নিয়মিত অভিযান ও মামলা দিয়েও এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে না। তাই মহাসড়ককে নিরাপদ ও যানজটমুক্ত রাখতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ভরাডোবা হাইওয়ে থানার ওসি মেহেদী মাসুদ বলেন, ‘মহাসড়কে অবৈধ যান ধরা পড়লে সরাসরি ডাম্পিংয়ে পাঠানো হবে। মহাসড়ককে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও জানান, মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং পথচারীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেজন্য হাইওয়ে পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করছে। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই হাইওয়ে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম