প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ২:৫১ পিএম

সংগৃহীত ছবি
ম্যাথু ব্রিটজকের নাম যেন ক্রমাগত ইতিহাসে নতুন করে লেখা হচ্ছে। মাত্র চারটি ওয়ানডে খেলা এই ক্রিকেটার প্রতি ম্যাচেই ভিন্ন রেকর্ড গড়ছেন। এবার তিনি এমন এক নজির স্থাপন করেছেন যা আগে কোনো ক্রিকেটার করতে পারেননি।
শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রানের ইনিংস খেলেন ব্রিটজক। এই ইনিংসের মাধ্যমে তিনি গড়েছেন বিশ্বরেকর্ড। ওয়ানডে ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে নিজের প্রথম চার ম্যাচে বা ইনিংসে সবাইকে পঞ্চাশোর্ধ্ব রান প্রদর্শন করার কীর্তি করেছেন ব্রিটজক।
ব্রিটজকের ওয়ানডে অভিষেক হয়েছিল গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোরে। চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের ওই ম্যাচে তিনি ১৫০ রান করে সবাইকে অবাক করেছিলেন। এই রানের মাধ্যমে ১৯৭৮ সালে ওয়ানডে অভিষেকের সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রান করা কিংবদন্তি ক্যারিবীয় ওপেনার ডেসমন্ড হেইন্সের রেকর্ডও ভাঙলেন ২৬ বছর বয়সী ব্রিটজক।
পরবর্তী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮৩ রান করে হেইন্সের আরেকটি রেকর্ড ছিনিয়ে নেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে করেন ৫৭ রান। আজকের ৮৮ রানের ইনিংসসহ তার প্রথম চার ইনিংসে মোট রান ৩৭৮। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক টেম্বা বাভুমার সংগ্রহ ২৮০।