প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ২:৪৭ পিএম

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ৭০ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা শিক্ষার্থী নাছিমার-(৮)। তার সন্ধানের দাবিতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার এক সংবাদ সম্মেলন করেন। এ সংবাদ সম্মেলনকালে ভুক্তভোগী পরিবারের আহাজারীতে ভারী হয়ে ওঠে চারপাশ।
আজ শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, পৌর এলাকার কাশিমপুর গ্রামের নাশির মৃধার মাদ্রাসা পড়ুয়া মেয়ে নাছিমা গত ১৪ জুন রাতে বাড়ি পাশের একটি বিয়ে অনুষ্ঠানে যায়। ওই বিয়ে বাড়ি থেকে নাছিমা বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এরপর থেকে অনেক খোজাখুজি করেও তার কোন হৃদিস মিলেনি।
আরও জানা যায়, পরে তার কোন সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে নাছিমার নানু আইমুন নেছা বাদী হয়ে কালকিনি থানায় একটি সাধারন ডায়রী করেন। তবে থানা পুলিশ বেশ কয়েকদিন খোঁজাখুজি ও অভিযান চালিয়ে ও নিখোঁজ নাছিমাকে উদ্ধারে ব্যর্থ হয়। কিন্তু এখন পর্যন্ত নাছিমার কোন সন্ধান মেলেনি।
নিখোঁজ নাছিমার নানা হারুন বেপারী সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ‘আমার নাতি ৭০ দিন ধরে নিখোঁজ হয়েছে। কোন প্রশাসন আমার নাতির কোন সন্ধান দিতে পারলো না। আমরা সরকার ও প্রশাসনের মাধ্যমে আমার নাতির সন্ধান চাই।’
নিখোঁজ নাছিমার নানু আইমুন নেছা ভিষন আহাজারী করে বলেন, ‘মাদারীপুর ও কালকিনি থানার সকল প্রশাসনের কাছে আমাদের দাবি নাছিমাকে খুজে বের করে দেন। আমাদের পরিবারে ঘুম ও খাওয়া-দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে নাছিমাকে না পেয়ে।
এব্যাপারে কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, নাছিমাকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম