প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১০:২৬ AM

সংগৃহীত ছবি
যশোরে জাদু দেখিয়ে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়ার ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ।
উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে রয়েছে ১৯টি আংটি, ৬ জোড়া কানের দুল, একটি দড়ি চেইন, দুটি কমল চেইন, দুটি পাক চেইন ও একটি টিকলি। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার উত্তর আরশ নগরের আসাদুল শেখ ওরফে রাজু এবং একই এলাকার খাইরুল ইসলাম।
এ ঘটনায় সদর উপজেলার নরেন্দ্রপুর পূর্বপাড়ার মৃত মানিক দাসের স্ত্রী গোলাপী রানি দত্ত বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন।
জেলা ডিবির ওসি মঞ্জুরুল হক ভূঁঞা জানান, রাজু মোবাইল ফোনে গোলাপী রানি দত্তের সঙ্গে পরিচয় গড়ে ‘ধর্ম বোন’ বলে ঘনিষ্ঠতা তৈরি করেন। পরে দাবি করেন যে, তিনি জাদুবিদ্যা জানেন এবং কাগজ থেকে টাকা ও স্বর্ণ বহুগুণে বাড়াতে পারেন। ১ আগস্ট রূপদিয়া রেলস্টেশনের পাশে দেখা করার সময় এক জোড়া দুল নিয়ে প্রাথমিকভাবে ‘জাদু’ দেখিয়ে স্বর্ণের আরও বেশি পরিমাণ দেখান। এতে লোভে পড়ে ৩ আগস্ট গোলাপী রানি ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার তার হাতে তুলে দেন। এরপর রাজু সেগুলো নিয়ে পালিয়ে যান।
মামলার তদন্তের পর দুই ঘণ্টার মধ্যেই ডিবি পুলিশ রাজুকে নরেন্দ্রপুর এলাকা থেকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপদিয়া বাজার থেকে খাইরুলকেও গ্রেপ্তার করা হয়। আটক আসামিদের আদালতে সোপর্দ করলে রাজু ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং বিচারক দুজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।