প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৪:৩০ AM

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। তিন দিনের এ সফরের পর তিনি ২৬ আগস্ট চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরে তিনি আট সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এবং ৩০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, চীন সফরের আগে মালয়েশিয়ায় নাহিদ ইসলামের সফরের আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টার। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়, সামাজিক-রাজনৈতিক সংগঠন, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে যোগ দেবেন। এছাড়া কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
চীন সফর উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সফরের সফলতা কামনা করেন। পরে চীনা দূতাবাস তাদের সরকারি ফেসবুক পেজেও বিষয়টি প্রকাশ করে।
সংবর্ধনায় নাহিদ ইসলামসহ এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, আসন্ন সফরকে তারা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি সুযোগ হিসেবে দেখছেন।
এর আগে গত জুলাইয়ে জামায়াতের আমির শফিকুর রহমান এবং জুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল বেইজিং সফর করে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ