লিওনেল মেসির জন্য সময়টা এখন একেবারেই ভালো যাচ্ছে না। বারবার ইনজুরিতে পড়ায় মাঠে নিয়মিত দেখা যাচ্ছে না আর্জেন্টাইন তারকাকে। সর্বশেষ লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে দেখা যায়নি, যা তার শারীরিক অবস্থাকে নিয়ে শঙ্কা বাড়িয়েছে।
মেসি সম্প্রতি মেজর লিগ সকারে (এমএলএস) লস অ্যাঞ্জেলসের বিপক্ষে খেললেও পুরোপুরি ফিট ছিলেন না। মাত্র ৪৫ মিনিট খেলার পর তার পায়ের মাংসপেশিতে অস্বস্তি দেখা দেয়, ফলে টাইগার্সের বিপক্ষে লিগস কাপের ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়।
সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের মাসচেরানো জানান, “মেসি পুরোপুরি দলের সঙ্গে অনুশীলন করেননি। লস অ্যাঞ্জেলসের ম্যাচের পর সে অস্বস্তি অনুভব করছিল। এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না সে খেলবে কি না। সবকিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর।”
ইনজুরির কারণে চলতি বছরে মেসি ইতিমধ্যেই ক্লাব ও জাতীয় দলের কয়েকটি ম্যাচ মিস করেছেন। গত বছরও লিগামেন্ট ইনজুরিতে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে, ফলে মোট ১০টি ম্যাচে অনুপস্থিত ছিলেন।
বিশ্বকাপের এক বছরেরও কম সময় বাকি থাকায় আবারও ইনজুরি নিয়ে মাঠের বাইরে থাকা আর্জেন্টাইন তারকার জন্য সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ