প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১:০৮ AM

দেশের ভোটার ও সাধারণ মানুষের কাছে নির্বাচনী তথ্য সহজভাবে পৌঁছে দিতে একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) কমিশনের জনসংযোগ শাখা বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।
চ্যানেল উদ্বোধন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দেশবাসীর উদ্দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে বার্তা দেন। তিনি বলেন, “আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এই প্ল্যাটফর্মে ভোটার নিবন্ধন, নির্বাচনের সময়সূচি, প্রার্থীদের করণীয় এবং ভোটারদের দায়িত্ব ও কর্তব্য সংক্রান্ত নির্ভরযোগ্য ও বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে।”
সিইসি জানান, নারী, যুব সমাজ, প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, “আমরা চাই, সবাই সচেতনভাবে গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদান রাখুক।”
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য জনগণের আস্থা এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে নির্বাচন কমিশন তথ্যগুলো সহজবোধ্য ও গ্রহণযোগ্য উপায়ে জনগণের সামনে তুলে ধরবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার প্রসঙ্গে সিইসি সতর্ক করে বলেন, “সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বা বানোয়াট ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাই যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করবেন না।” তিনি জনগণকে নিয়মিত ইসি’র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ অনুসরণ করার আহ্বান জানান।
সিইসি শেষে সবাইকে অপতথ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সবাই মিলে ভুয়া তথ্য প্রচারের বিরুদ্ধে লড়াই করি।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ