প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১২:০২ AM

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচারের দাবিতে ফের আন্দোলনে নেমেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের নিচে অবস্থান ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন তারা। আগামী ২৫ ও ২৬ আগস্ট একই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।
কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাহিদুল ইসলাম বলেন, “আমরা উপাচার্যকে তিন সপ্তাহ সময় দিয়েছি। কিন্তু এখনও লাঞ্ছনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ২৬ আগস্টের মধ্যে পদক্ষেপ না নিলে আমরা কঠোর হতে বাধ্য হবো।”
এদিকে নতুন উপাচার্যের বিরুদ্ধে আওয়ামী লীগের সুবিধাভোগীদের পুনর্বাসনের অভিযোগ এনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রাহুল জাবেদ, ইফাজ জমাদ্দার, শাকিব ফয়সাল অয়ন, জিলানী, রাজিম, সিয়াম, মাসুম, খাইরুল প্রমুখ।
প্রসঙ্গত, ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে শতাধিক আহত হন। ওই রাতে হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তৎকালীন উপাচার্যসহ কয়েক শিক্ষককে লাঞ্ছনা করেন শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। যদিও ৪ মে থেকে ক্লাস শুরুর কথা ছিল, কিন্তু লাঞ্ছনায় জড়িতদের বিচার দাবিতে শিক্ষক সমিতি একাডেমিক কার্যক্রম বর্জন করে টানা তিন মাস ক্লাস বন্ধ রাখে। নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর ২৯ জুলাই থেকে পুনরায় ক্লাস শুরু হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ