প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১১:৪১ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ১১:৪৭ PM

মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে লটারীর মাধ্যমে ২২ জনকে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার নিয়োগ কমিটির আয়োজনে এ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নিয়োগ কমিটির সভাপতি মোঃ হাসিবুল হাসান। সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও কমিটির সদস্য সচিব ইশরাত জাহান এবং সঞ্চালনায় ছিলেন খাদ্য পরিদর্শক অপূর্ব কুমার সরকার।
লটারিতে ১৭১টি আবেদন জমা পড়লেও ৬টি অসম্পূর্ণ হওয়ায় বাতিল হয়। অবশিষ্ট ১৬৫টি আবেদন থেকে লটারীর মাধ্যমে প্রতিটি ইউনিয়নের কেন্দ্রভিত্তিক ২২ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান জানান, নির্বাচিত প্রার্থীরা সরকারি বিধিমোতাবেক ২৫ হাজার টাকার ব্যাংক ড্রাফটসহ প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত সময়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে জমা দেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা না দিলে তাদের ডিলারশিপ বাতিল করে পরবর্তী ধাপে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ