প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬:২৭ পিএম

দিনাজপুরের কাহারোল উপজেলার বগদইর বিদ্যালয়ে পরিবেশ রক্ষা, সবুজ ভাবনা ও পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও স্থানীয় প্রার্থীদের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রামের (এপি) সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসম মনোয়ারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. জাকির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, পরিমল চন্দ্র রায়, প্রধান শিক্ষক, বগদইর বিদ্যালয়, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ফিলিপ বিশ্বাস ও বাপ্পি জয়ধর। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পরিবেশ সচেতনতা, সবুজ টেকসই উন্নয়ন ও পরিচ্ছন্নতার চর্চা শুরু হওয়া উচিত। কারণ ছোট ছোট উদ্যোগই আগামী দিনে বড় পরিবর্তনের পথ তৈরি করে।
আয়োজকরা জানান, এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে সবুজ চিন্তা, পরিবেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করতে সাহায্য করে।
স্বদেশ প্রতিদিন/এমএম