প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬:১২ AM

মেক্সিকো সীমান্ত প্রাচীর এবার কালো রঙে রাঙানো হবে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ অনুরোধেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তাঁর দাবি, কালো রঙে প্রাচীর অতিরিক্ত গরম হয়ে উঠবে, ফলে সেটি আরোহন করা আরও কঠিন হবে। একইসঙ্গে প্রাচীর মরিচা পড়া থেকেও রক্ষা পাবে।
নোয়েম জানান, প্রায় দুই হাজার মাইলজুড়ে সীমান্তে প্রতিদিন প্রায় আধা মাইল (০.৮ কিলোমিটার) করে প্রাচীর নির্মাণ চলছে। ট্রাম্প প্রশাসনের নীতিগত বিলের মাধ্যমে এরই মধ্যে ৪৬ মিলিয়ন ডলার অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি রিও গ্রান্দে নদীজুড়ে আরও পানিভিত্তিক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে।
নিউ মেক্সিকোর সীমান্ত এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নোয়েম বলেন, “প্রেসিডেন্ট বুঝতে পেরেছেন, এখানে তাপমাত্রা খুব বেশি থাকে। কালো রঙে প্রাচীর আরও গরম হবে এবং পার হওয়া কঠিন হয়ে পড়বে।”
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত অতিক্রমের হার ব্যাপকভাবে কমে গেছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, জুনে ছয় হাজার এবং জুলাইয়ে চার হাজার ৬০০ জন আটক হয়েছে, যা বছরভিত্তিক হিসাবে ৯২ শতাংশ হ্রাস। বাইডেন প্রশাসনের সময়ে দৈনিক ছয় হাজার পর্যন্ত আটক করা হতো।
নোয়েম দাবি করেছেন, ট্রাম্প প্রশাসনের প্রথম ২০০ দিনে প্রায় ১৬ লাখ অনথিভুক্ত অভিবাসী যুক্তরাষ্ট্র ত্যাগ করেছে। তবে এদের মধ্যে কতজন বহিষ্কৃত হয়েছে আর কতজন স্বেচ্ছায় দেশ ছেড়েছে, তা তিনি পরিষ্কার করেননি।
হোয়াইট হাউসের হিসাব বলছে, জানুয়ারি থেকে তিন লাখ অনথিভুক্ত অভিবাসী আটক হয়েছে, যাদের মধ্যে অপরাধমূলক রেকর্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে অভিবাসন অধিকারকর্মীদের অভিযোগ, সামান্য অভিযোগ বা কোনো অপরাধ না থাকা ব্যক্তিরাও এসব অভিযানে ধরা পড়ছে।
প্রশাসনের দাবি, কঠোর নজরদারি ও গণবহিষ্কার কার্যক্রমই সীমান্ত অতিক্রম হ্রাসে প্রধান ভূমিকা রাখছে।
সূত্র: বিবিসি
স্বদেশ প্রতিদিন/ আরএফ