প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬:১৬ AM

পাকিস্তানের লাহোরে ঐতিহাসিক ওয়াজির খান মসজিদে অনুমতি ছাড়া অশোভন পোশাকে ভিডিও ধারণের অভিযোগে এক মডেল ও এক ফটোগ্রাফারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ওয়ার্ল্ড সিটি অব লাহোর অথরিটির (ডাব্লিউসিএলএ) কর্মকর্তা মুহাম্মদ ওয়াইসের অভিযোগের ভিত্তিতে ১৭ আগস্ট আকবরি গেট থানায় এফআইআর দায়ের করা হয়। মামলায় মডেল আজবিয়া খান ও ফটোগ্রাফার জেইন শাহের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, ১৩ আগস্ট তারা মসজিদের ভেতরে ভিডিও ধারণ করেছেন এবং কোনো অনুমতি নেননি।
ওয়াইস জানান, “মসজিদের পবিত্রতা রক্ষার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা হবে।”
তবে পুলিশ জানায়, বাদী অভিযুক্তদের ঠিকানা বা যোগাযোগের তথ্য দেননি এবং নামও যাচাই হয়নি। মসজিদ কর্তৃপক্ষের অসন্তোষ প্রকাশের পরই মামলাটি দায়ের করা হয়েছে। বর্তমানে অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আওকাফ বিভাগের সেক্রেটারি ড. তাহির রাজা বুখারি বলেন, এফআইআর দায়ের হয়েছে এবং ডাব্লিউসিএলএ বিষয়টি মনিটর করছে।
ওয়াজির খান মসজিদ লাহোরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং ১৭শ শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে পাঞ্জাবের গভর্নর ওয়াজির খান ১৬৩৪–১৬৪১ সালের মধ্যে নির্মাণ করেছিলেন। মসজিদটি বর্তমানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ টেনটেটিভ লিস্টে অন্তর্ভুক্ত। ২০০৯ সাল থেকে আগা খান ট্রাস্ট ফর কালচার ও পাঞ্জাব সরকারের তত্ত্বাবধানে এর ব্যাপক সংস্কার কাজ চলছে, যেখানে জার্মানি, নরওয়ে ও যুক্তরাষ্ট্র সহায়তা করছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ