প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫:১৭ AM

জাতীয় ক্রীড়া পরিষদ দেশের তৃণমূল ফুটবলের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ৫ কোটি টাকা দিয়েছে। এই অর্থ ২০২৫ সালের ‘তারুণ্যের উৎসব’ কর্মসূচির আওতায় আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য ব্যবহার হবে।
জাতীয় ক্রীড়া পরিষদের অর্থ পরিচালক মামুনুর রশিদের স্বাক্ষরিত চিঠিতে অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে সাতটি শর্তও দেওয়া হয়েছে, যেমন— প্রতিটি খাতে সঠিকভাবে ব্যয় করা, খাত পরিবর্তন না করা এবং আয়কর-ভ্যাট কর্তন করে সরকারি কোষাগারে জমা দেওয়া।
বাফুফের সহসভাপতি ও ‘তারুণ্যের উৎসব আন্তজেলা চ্যাম্পিয়নশিপ কমিটি’র প্রধান ওয়াহিদ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ইতোমধ্যে ৫ কোটি টাকা পাওয়া গেছে, আরও ৫ কোটি টাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আসবে বলে আশা করা হচ্ছে। বাকি অর্থ স্পনসরদের মাধ্যমে সংগ্রহ করা হবে।
‘তারুণ্যের উৎসব’-এর অংশ হিসেবে তিনটি টুর্নামেন্ট আয়োজন হবে— আন্তজেলা হোম অ্যান্ড অ্যাওয়ে ফুটবল টুর্নামেন্ট, ছেলেদের অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট এবং মেয়েদের অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট। আগে মোট বাজেট ধরা হয়েছিল ১৬ কোটি টাকা, তবে তা বেড়ে এখন ১৮ কোটির বেশি হয়েছে। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ দিয়েছে ৫ কোটি টাকা।
৩০ আগস্ট মুন্সিগঞ্জে আন্তজেলা টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এতে দেশের ৬৪ জেলা অংশ নেবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে মোট ১১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে আটটি অঞ্চল ভাগ করা হয়েছে, প্রতিটির নামকরণ করা হয়েছে জুলাই আন্দোলনের আট শহীদের নামে।
এছাড়া, নভেম্বরে ঢাকায় আসবেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা। তাঁর উপস্থিতিতে ফাইনাল আয়োজনের পরিকল্পনা করেছে বাফুফে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ