
যশোর-৩ ও যশোর-৬ আসনের সংসদীয় সীমানা পরিবর্তনের অভিযোগে বিক্ষোভ মিছিল, নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও, স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করেছে বিএনপি। জেলা বিএনপির আয়োজনে বুধবার এ কর্মসূচি পালিত হয়।
সকাল ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
এরপর জেলা বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র হিসেবেই যশোরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের চেষ্টা চলছে। তারা বলেন, স্বাধীনতার পর থেকে বর্তমান কাঠামোর ভিত্তিতেই যশোরের ছয়টি আসনে নির্বাচন হয়ে আসছে। কেবলমাত্র ২০০৮ সালে অনির্বাচিত সরকারের সময় এই কাঠামোতে পরিবর্তন আনা হয়েছিল। এখন আবার সেই পরিস্থিতি ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে।
বক্তারা আরও বলেন, “মানুষ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এমন সময়ে আসন পুনর্বিন্যাসের চেষ্টা জনআকাঙ্ক্ষার পরিপন্থী। জেলা বিএনপি এ ধরনের অপচেষ্টা কখনো মেনে নেবে না এবং রাজনৈতিক ও আইনগতভাবে প্রতিরোধ গড়ে তুলবে।”
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চুসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন অধ্যাপক নার্গিস বেগম, অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শেখ শহিদুল বারী রবু, এহসানুল হক সেতু, আঞ্জুরুল হক খোকন, মনিরুজ্জামান মাসুম, আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু ও ফারুক হোসেন।
স্বদেশ প্রতিদিন/এনআর