প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:০৬ পিএম

সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালনের ঘোষণা করেছে।
আজ বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, ৩১ আগস্ট দুপুর ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর মূল দিন ১ সেপ্টেম্বর ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। একইদিনে দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে আলোচনা সভা ও র্যালি আয়োজন করা হবে।
২ সেপ্টেম্বর দুপুর ২টায় বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে।
৪ সেপ্টেম্বর দলটি বৃক্ষরোপণ, মাছ অবমুক্তকরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করবে। ৫ সেপ্টেম্বর ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি গোলটেবিল আলোচনাও অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ জাতীয় উদযাপনে কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।