প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫:৫৮ পিএম

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে কাজ বা বসবাসের জন্য যারা যেতে চান, তাদের জন্য এবার নতুন শর্ত যুক্ত হয়েছে। মার্কিন অভিবাসন কর্মকর্তারা যদি মনে করেন, কেউ ‘যুক্তরাষ্ট্রবিরোধী’, তাহলে তার ভিসা পাওয়ার আশা শেষ।
আজ বুধবার (২০ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে অভিবাসন কর্তৃপক্ষ মঙ্গলবার (১৯ আগস্ট) ঘোষণা দিয়েছে।
ভিসা আবেদনের পর যেসব বিষয় নিরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তার মধ্যে ওয়ার্ক বা ইমিগ্রেশন ভিসা পেতে ইচ্ছুক ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমও অন্যতম।
তবে ওয়াশিংটনের এই উদ্যোগে অভিবাসন সংস্থার পাশাপাশি আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরাও।
ভিসা আবেদনের নতুন ও সম্প্রসারিত নিরীক্ষা প্রক্রিয়া নতুন এই নীতির আওতায় অভিবাসন কর্মকর্তারা এখন থেকে আবেদনকারীদের ‘যুক্তরাষ্ট্রবিরোধী’ বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা আছে কি না, তা পরীক্ষা করবেন। এ ছাড়া আবেদনকারীদের 'ইহুদিবিদ্বেষী' কোনো কাজের সঙ্গে জড়িত থাকার নজির আছে কি না, তাও যাচাই করবেন কর্মকর্তারা।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার (ইউএসসিআইএস) হালনাগাদ নীতিমালায় এসব কথা বলা হয়েছে।
এর আগে, গত জুনে অভিবাসন আবেদনের ক্ষেত্রে নতুন করে 'সামাজিক মাধ্যম যাচাইকরণ' যুক্ত করে ট্রাম্প প্রশাসন। ওই নীতি সম্প্রসারণের অংশ হিসেবে 'যুক্তরাষ্ট্রবিরোধী কার্যক্রম' চিহ্নিত করে সে অনুযায়ী আবেদন বাতিলের বিধান চালু হতে যাচ্ছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথম দিন থেকেই অভিবাসন এবং ভিসা প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছেন।