প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫:৪৭ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ৫:৫২ PM

ত্রিশাল-ধানীখোলা সড়ক ধস
ময়মনসিংহের ত্রিশাল-ধানীখোলা সড়কের কয়েক জায়গায় ধস হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। কয়েক দিনের টানা বর্ষণে সড়কটির অবস্থা বর্তমানে নাজুক।
সরেজমিনে দেখা গেছে, ত্রিশাল পৌর শহর থেকে ধানীখোলা বাজার পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের মধ্যে দুই কিলোমিটার পৌর এলাকায় পড়ে, যা সংস্কারের অভাবে নাজুক। বাকী ৬ কিলোমিটার সড়ক পাঁকা হলেও বৃষ্টি ও মাছ পরিবহনের গাড়ির কারণে কয়েক জায়গায় ধস এবং বড় বড় খন্দ সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজনে অল্প কিছু ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল থেমে থেমে চলাচল করছে, যাত্রীরা গাড়ি থেকে নেমে ঠেলে ঠেলে সড়ক পার হচ্ছে।
স্থানীয়রা জানান, ধানীখোলা ইউনিয়ন ও পাশ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার মধ্যে গুরুত্বপূর্ণ এই অভ্যন্তরীণ সড়কটি প্রতিদিন ব্যাটারিচালিত ভ্যান, সিএনজি, বাইক ও মালবাহী গাড়ির জন্য ব্যবহৃত হয়। সড়ক পাঁকা করার পর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি সড়ক ধসে নদীতে বিলীন হচ্ছে। এতে এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের এমন বিপজ্জনক অবস্থার সমাধানে এখনো কোনো উদ্যোগ নেয়া হয়নি। নিয়মিত যাত্রী শামসুল হক বলেন, রোগীসহ চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছি।
মোটরসাইকেল চালক কামরুল এহসান বলেন, “কর্তৃপক্ষের কোনো সাড়া নেই, সাধারণ মানুষ ভোগান্তিতে।”
ভ্যান চালক জমসেদ মিয়া বলেন, “সড়ক ধসের কারণে বেশি ভাড়া নিতে পারি না, গাড়ি নষ্ট হওয়ার ঝুঁকি বেশি।”
উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার জানান, ধস হওয়া সড়ক ইউএনও-এর সঙ্গে পরিদর্শন করা হয়েছে। সড়কের নিচ দিয়ে পানি নদীতে নামার কারণে ধস হয়েছে। দ্রুত সড়ক মেরামত এবং ড্রেন নির্মাণের কাজ শুরু করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, “এলজিইডিতে প্রস্তাব পাঠানো হয়েছে, বরাদ্দ আসলে দ্রুত সড়ক মেরামত করা হবে। ইতিমধ্যেই সমান অংশের টেন্ডার করা হয়েছে; বৃষ্টির কারণে কাজ কিছুটা স্থগিত রয়েছে।”