প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫:১১ পিএম

লিফলেট বিতরণ
কুমিল্লা-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মো. মনোয়ার সরকার বলেছেন, পিআর (প্রতিস্পর্ধী প্রতিনিধিত্ব) পদ্ধতি বাংলাদেশে নতুন এবং দেশের অধিকাংশ মানুষ এটি বুঝতে পারেন না। তাই বর্তমানে পিআর পদ্ধতি চালু করা গঠনমূলক বা কাম্য নয়।
আজ বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় হোমনার দুলালপুর বাজারে ব্যাপক গণসংযোগ শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।
মনোয়ার সরকার দেশের নতুন তরুণ ভোটার ও তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, “তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ। তরুণরা যদি থেমে যায়, দেশ থেমে যাবে। তাই তরুণরা যত বেশি সক্রিয় হবে, দেশ তত দ্রুত এগিয়ে যাবে। তাদের প্রথম ভোট যেন ‘ধানের শীষ’ প্রতীকে দেয়, সেই আহ্বান করছি।”
এর আগে, তিনি দুলালপুর ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। পরে দুলালপুর বাজারে দোকানদার ও জনসাধারণের সঙ্গে কোলাকুলি ও হ্যান্ডশেকের মাধ্যমে মতবিনিময় করেন। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জন্য ভোট চান এবং নিজে কুমিল্লা-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনসাধারণের কাছে লিফলেট বিতরণ করেন ও সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগে মনোয়ার সরকার জনসাধারণ ও দোকানদারদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশভিত্তিক পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি জানান, কুমিল্লা-২ আসন থেকে এমপি নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট ও অবকাঠামোগত উন্নয়ন এবং মানুষের উন্নয়নে কাজ করবেন। জনসাধারণ তার কাছাকাছি পেয়ে উচ্ছ্বসিত প্রকাশ করে।
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতি করি। তার গ্রীন সিগনাল পেয়ে মাঠে কাজ করছি। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে আমি আশাবাদী যে দল আমাকে মনোনয়ন দেবে।”