প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৩:৩২ AM

সংগৃহীত ছবি
সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার রয়েছে নির্বাচিত প্রতিনিধিদের। জাতীয় সংসদ ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহম্মদ।
গতকাল চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন বলেন, বিএনপির কাছে যে জুলাই সনদ পাঠানো হয়েছে, সেই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে! পৃথিবীর ইতিহাসে এর দ্বিতীয় কোনো উদাহরণ নেই।
তিনি বলেন, “শহীদ জিয়ার নেতৃত্বে যে সশস্ত্র যুদ্ধ হয়েছে, তার ফসল বাহাত্তরের সংবিধান। এটা আওয়ামী লীগের সংবিধান নয়। যারা ক্ষমতায় এসেছে, তারা এই সংবিধান সংশোধন করেছে। এখনো সংশোধন করার রাস্তা খোলা আছে। কেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে, আমার বোধগম্য নয়।”
তিনি বলেন, “আগামী কয়েক দিনে অদ্ভুত এক ঘটনা ঘটতে যাচ্ছে। পৃথিবীর সব দেশে
সংবিধান সংশোধন করেন নির্বাচিত প্রতিনিধি। কিন্তু বাংলাদেশে একদল
অনির্বাচিত লোক, যারা কেউ আমেরিকা থেকে এসেছে, লন্ডন থেকে এসেছে; যাদের এই
১৭ বছরের আন্দোলন, জুলাই-আগস্টে কোনো অবদান নেই, তারা বাংলাদেশের সংবিধান
ছুড়ে ফেলতে চায়।”