প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ২:১৪ AM আপডেট: ২০.০৮.২০২৫ ৩:৪০ এএম

নিহতের ভাইয়ের অভিযোগে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
লক্ষ্মীপুরের রামগঞ্জে পিটিয়ে হত্যার অভিযোগে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের হাপানিয়া বেপারী বাড়ি থেকে ফাতেমা বেগমের (৪৫) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মো. হিমেল (২৫), মেয়ে সিমিকা, পুত্রবধূ জান্নাতসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহতের স্বামী লিটন মিয়া (৫৫) পলাতক রয়েছেন বলে জানা যায়।
পরিবার সূত্রে জানা যায়, ফাতেমা দীর্ঘদিন ধরে স্বামী ও ছেলে পরিবারের সঙ্গে ঢাকার সূত্রাপুর থানার কলতাবাজার এলাকায় বসবাস করছিলেন। তিন বছর আগে ছেলে হিমেলের বিয়ের পর থেকেই পারিবারিক কলহ শুরু হয়। অভিযোগ রয়েছে, পারিবারিক বিরোধের জেরে সোমবার রাতে তার স্বামী- ছেলে, পুত্রবধূ ও ফাতেমাকে মারধর করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় রাত ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
এরপর কৌশলে লাশ রামগঞ্জে এনে তড়িঘড়ি দাফনের চেষ্টা করা হলে নিহতের ভাই ইসমাইল হোসেনের অভিযোগে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর জেলা মর্গে পাঠায় এবং চারজনকে আটক করে।
রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারি বলেন, “নিহতের ভাইয়ের অভিযোগে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাস্থল যেহেতু ঢাকার সূত্রাপুর থানার অন্তর্গত, তাই আটককৃতদের সেখানে প্রেরণ করা হবে।”