প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ২:৫৭ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক মিমাংসাতেও শেষ রক্ষা হল রোজিনা বেগমের। পরকীয়ায় বিরোধিতা করায় স্বামী স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার ইউনিয়নের তরফপুর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত রোজিনা বেগম (৩৫)। সে ঐ গ্রামের মুচিরচালা এলাকার হাসমত আলীর মেয়ে ছিল। ঘটনার পর খুনি স্বামী পলাতক রয়েছে। সে ঐ একই এলাকার খবির উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (৪৬)।
পুলিশ ও আত্মীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী স্ত্রীর মধ্যে অনেক দিন ধরে মনোমালিন্য হচ্ছিল। এক সপ্তাহ পূর্বে এ বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হলে রোজিনা বাবার বাড়ি চলে যান। সেখানে রোববার শ্বশুরবাড়িতে আপোস মীমাংসার মাধ্যমে লতিফ রোজিনাকে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসে।
তাদের ঘরে দুইটি সন্তান আছে লতা ও জিসান। ছেলে মির্জাপুর সদরে পড়ে এবং মেয়ে স্থানীয় স্কুলে পড়ে বিধায় বাড়ি ফাঁকা থাকে। সোমবার উদ্দেশ্যমূলক ভাবে ঘুমের ঔষধ খাইয়ে স্ত্রীকে গভীর ঘুম পাড়ায় সে। এই সুযোগে দুপুরে লতিফ নিজ ঘরে শুয়ে থাকা স্ত্রী রোজিনাকে কুড়াল দিয়ে মাথায় ও গলায় কুপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায় বলে ঘটনার বর্ণনা দেন স্থানীয়রা। ঘটনার পরপরই খুনি স্বামী আব্দুল লতিফ পালিয়ে যায়।
মির্জাপুর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে