প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৯:২৯ পিএম

কুড়িগ্রামে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অভিযানে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার রংপুর বিভাগীয় বিএসটিআই কার্যালয়ের উদ্যোগে জেলায় পরিচালিত সার্ভিল্যান্স অভিযানে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ও ২১ ধারা লঙ্ঘনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কুড়িগ্রাম বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়।
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর এলাকার মেসার্স বেলাল রোবো ফ্যাক্টরী (ফার্মেন্টেড মিল্ক বিক্রয় ও বিতরণকারী প্রতিষ্ঠান) মালিক মো. বেলাল হোসেনের বিরুদ্ধে ও কুড়িগ্রাম শহরের সিএন্ডবি ঘাটের ধানের চাতাল এলাকার মেসার্স আতিফা ফুড প্রোডাক্টস (আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও চিপস বিক্রয় ও বিতরণকারী প্রতিষ্ঠান) মালিক মো. আলমগীর গাজীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এছাড়া জেলা প্রশাসন ও রংপুর বিএসটিআই কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জের মেসার্স মুকুল বেকারীকে বিস্কুট ও ব্রেডের মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই উৎপাদন-বিক্রির দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ২৪(১)/৪১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর কার্যালয়ের কর্মকর্তা খন্দকার মো. জামিনুর রহমান ও পরিদর্শক মো. আহসান হাবীব।
রংপুর বিভাগীয় বিএসটিআইয়ের উপপরিচালক (পদার্থ) মুবিন-উল-ইসলাম বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিএসটিআই নিয়মিত বাজার মনিটরিং করছে। পণ্যের মান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ