প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৮:৪৮ পিএম

রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড় থেকে তুষার (২৫) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত তুষার কুষ্টিয়ার খোকসা উপজেলার শেখপাড়া ইউনিয়নের বিহাড়িয়া পাড়া গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুষার ওই এলাকায় পুলিশ পরিচয়ে ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ধাওয়া দেন। এ সময় পালিয়ে গিয়ে সে কালুখালী সেনাক্যাম্পে আশ্রয় নেয়। পরে সেনাসদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে কালুখালী থানায় সোপর্দ করেন।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান বলেন, ভুয়া পুলিশ পরিচয়ে ঘোরাঘুরির খবর পেয়ে সেনাবাহিনী তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ