প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৭:৫৯ পিএম

বাগেরহাটে রাতে রিকসাভ্যানযোগে রাস্তায় গিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে আটক হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাসহ ৩ মাদক সেবী।
আটককৃতরা হলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা খুলনা বিভাগীয় আহত সেল সম্পাদক মো. রাকিবুল ইসলাম (২৭), একই উপজেলার ছোট আন্দারমানিক গ্রামের মোঃ নরুল সেখের ছেলে মোঃ নাহিদ শেখ (২১) ও সম্মানকাঠি গ্রামের আনোয়ার শেখের ছেলে মোঃ নয়ন শেখ (২০)।
রবিবার রাত ১০ টার দিকে আটককৃতরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, কে বলেছে মুজিব নাই মজিব সারা বাংলায়’ বলে স্লোগান দিতে দিতে বাগেরহাট জেলা সদর থেকে একটি রিকসাভ্যানে করে কচুয়া উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয় বেমরতা ইউনিয়নের বৈটপুর বাজারে বিএনপির অফিসে অবস্থানরত নেতাকর্মীরা ওই শ্লোগান শোনার সাথে সাথে মোটরসাইকেলে ধাওয়া দিয়ে তাদের আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ তাদের উদ্ধার করে এবং বাগেরহাট সদর মডেল থানা পুলিশের কাছে হেফাজতে দেয়।
পুলিশ জানায়, গণধোলাইয়ের শিকার রাকিবুল ইসলাম রাকিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও আহতবিষয়ক সেল সম্পাদক। ঘটনাকালে সে মাদক সেবন অবস্থায় ছিল।
এ বিষয়ে মো. রাকিবুল ইসলাম বলেন, ভ্যান চালকের কথায় তিনি ওই স্লোগান দিয়েছে। অথচ ঘটনাস্থলে ভ্যান চালক ছিলেন না বলে জানা গেছে।
বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মো. সালাউদ্দিন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বাগেরহাট সদর মডেল থানায় মুচলেকার বিনিময়ে আটক রাকিবুলসহ ৩ জনকে ছেড়ে দেয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর