প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৭:৫৪ পিএম আপডেট: ১৮.০৮.২০২৫ ৮:০৫ PM

মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও সারওয়ার আলম
সিলেটে সম্প্রতি পাথরলুটের ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের পর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংযুক্ত উপসচিব মো. সারওয়ার আলম।
সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে শের মাহবুব মুরাদকে ওই মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা যায়, সম্প্রতি ভোলাগঞ্জ, জাফলং, রাংপানিসহ সিলেটের বিভিন্ন এলাকায় পাথরলুটের ঘটনা ঘটায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, প্রথম দিকে এসব লুটপাটের ঘটনা প্রকাশ্যেই ঘটে গেলেও প্রশাসন নির্বিকার ছিল। এমনকি ভোলাগঞ্জের সাদাপাথরে পরিদর্শনে গিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রশাসনের দায়বদ্ধতা খতিয়ে দেখার কথা জানিয়েছিল।
নতুন ডিসি সারওয়ার আলম বিসিএস ২৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০০৮ সালের নভেম্বর মাসে সরকারি চাকরিতে যোগ দেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুর্নীতি ও ভেজালবিরোধী অভিযানের কারণে তিনি আগে থেকেই আলোচনায় ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ