প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১১:০৯ AM

কুয়েতে আইন লঙ্ঘন করার অপরাধে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জন প্রবাসী নারী ভিক্ষুককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটককৃত প্রবাসী ভিক্ষুকদের নাম, লিঙ্গ, জাতীয়তা এবং স্পন্সরদের নামসহ বিস্তারিত প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম।
শনিবার (১৬ আগস্ট) কুয়েতের স্থানীয় গণমাধ্যম দ্য টাইমস জানায়, ‘দেশেটির রাজধানীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব নারীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন জর্ডানিয়ান, তিনজন ভারতীয়, দুজন বাংলাদেশি, এবং একজন করে শ্রীলঙ্কান ও সিরিয়ান রয়েছেন।’
প্রতিবেদনে বলা হয়, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফ সৌদ আল সাবাহর নির্দেশে এবং জাতীয়তা ও আবাসিক খাতের প্রধানের তত্ত্বাবধানে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবাসিক ও শ্রম আইন প্রয়োগ এবং নেতিবাচক আচরণ রোধ করার জন্য দেশজুড়ে নিরাপত্তা অভিযান জোরদার করেছে।
কুয়েতের পারিবারিক যোগদান আইনের ধারা ২২ অনুযায়ী, এই ধরনের আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতে স্পনসরদেরও দায় এড়ানোর সুযোগ নেই- তাদের ক্ষেত্রেও নির্বাসন বাধ্যতামূলক।
এছাড়া সিভিল সার্ভিস আইনের ধারা ১৮ এর অধীনে অতিরিক্ত ব্যবস্থা নেয়া হয়েছে, নিয়োগকর্তা, স্পনসর এবং কোম্পানিগুলোকে জনশক্তি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে জবাবদিহি করতে হবে।
কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, আবাসন এবং শ্রম বিধিমালা প্রয়োগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এমএম