প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৬:১৪ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এলাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস স্থাপনের কথা থাকলেও একটি শিক্ষাবিরোধী চক্র পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। শাহজাদপুরে চলনবিলের কোনো অংশ না থাকলেও কাল্পনিকভাবে ‘চলনবিল শাহজাদপুরে’ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
রবিবার বেলা ১১টায় শাহজাদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এমএ মুহিত এ অভিযোগ করেন।
তিনি বলেন, “শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেন প্রতিষ্ঠিত না হয়, সেই উদ্দেশ্যে চক্রটি অপপ্রচারের আশ্রয় নিয়েছে। দেশের একটি জাতীয় দৈনিকও এই ভুয়া প্রচারণায় শামিল হয়েছে। আসলে এই চক্রটি রবীন্দ্রনাথ বিরোধী, শিক্ষা ও সংস্কৃতি বিরোধী।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
বক্তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস দ্রুত শাহজাদপুরে স্থাপনের দাবি জানান এবং এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো শিক্ষাবিরোধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ