প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৬:০৬ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় পূর্ব বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন হাফেজ আরাফাত হোসেন সিকদার জুম্মন (২০)। এ ঘটনায় তার এক আত্মীয় নারীও হামলার শিকার হন।
শনিবার রাতে গজারিয়া থানায় দায়ের হওয়া মামলা ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মামার স্ত্রীকে ঢাকাগামী বাসে তুলে দিতে গেলে জুম্মনের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় সুইচগিয়ার চাকু দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তার শরীরের পশ্চাত অংশ, বিশেষ করে নিতম্ব ও পায়ুপথ মারাত্মকভাবে জখম হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।
জুম্মনের মা রেজিয়া বেগম বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় মীরেরগাঁ এলাকার কিশোর গ্যাং সদস্য সিফাত (২০), জয় (১৯), জুনায়েদ, জাহিদুল (১৯) ও আব্দুল্লাহ (১৯)-এর নাম উল্লেখসহ আরও ২-৩ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জুম্মনের মামা জানান, চিকিৎসকদের বরাত দিয়ে বলা হয়েছে তার পায়ুপথ গুরুতর জখম হওয়ায় এখন বিকল্প পথে মলত্যাগ করতে হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হতে তিন মাস অন্তর অন্তর তিনটি বড় অস্ত্রোপচার প্রয়োজন হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ