প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১২:৪৩ AM

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে গবেষণার নামে তিন লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উপাচার্যের দায়িত্ব পালনকালে গবেষণার নামে এই অর্থ গ্রহণ করেছিলেন তিনি। তবে দায়িত্ব শেষে নতুন উপাচার্য ড. হাসিবুর রশিদের আমলেও টাকার কোনো হিসাব দেননি। প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো অর্থ ফেরত বা ব্যয়ের স্বপক্ষে কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি তিনি।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল পরিদর্শনে এসে অনিয়মের বিষয়টি খুঁজে বের করে। এ সময় দ্রুত অর্থের সমন্বয় করার নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কলিমুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ইউজিসি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, “আমরা ইতোমধ্যে উনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করেছি। ইউজিসি বিষয়টি আমাদের জানালে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেই। এ অর্থ সমন্বয়ের জন্য শিগগিরই নোটিশ দেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ