প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:১৪ পিএম

পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের ফেরদৌসি আক্তার সোনালী অল্প বয়সেই বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে জায়গা করে নিয়েছেন। মাত্র ১৮ বছর বয়সী গোলরক্ষক সোনালী লাওসে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্ব শেষে শুক্রবার (১৫ আগস্ট) দেশে ফিরেছেন।
ঢাকায় অবতরণের পর জেলা শহর থেকে বাবার ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি পৌঁছান সোনালী। বাবা ফারুক ইসলাম বলেন, “আমি ভ্যান চালাই, আমার মেয়ে বিমানে চড়ে দেশ-বিদেশে খেলতে যায়—এটাই আমার গর্ব।”
মায়ের কথায়, বহু কষ্ট ও সীমিত অর্থের মধ্যে মেয়েকে অনুশীলনে পাঠানো হলেও সোনালী হাল ছাড়েনি।
সোনালীর ফুটবল যাত্রা শুরু হয় স্থানীয় গইচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। হাড়িভাসা বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তঃবিদ্যালয় টুর্নামেন্টে অংশ নিয়ে তিনি নজর কাড়েন এবং পরে পঞ্চগড়ের টুকু ফুটবল একাডেমিতে ভর্তি হন। ২০২৩ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি হয়ে জাতীয় দলের পাশাপাশি গোলরক্ষক হিসেবে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
সোনালী ইতিমধ্যেই সিনিয়র দলের হয়ে জর্ডানে খেলে চ্যাম্পিয়ন হয়েছেন, অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপেও শিরোপা জিতেছেন এবং লাওসে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে রানার্সআপ হয়েছেন।
টুকু ফুটবল একাডেমির পরিচালক টুকু রেহমান বলেন, “সোনালী মেধাবী ও পরিশ্রমী; জাতীয় দলে জায়গা করবে বলে সবসময় ভরসা ছিল।” হাড়িভাসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র রায় জানান, “সোনালীর সাফল্য শুধু পরিবারের নয়, আমাদের সবার গর্ব।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ