প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:০৯ পিএম আপডেট: ১৬.০৮.২০২৫ ৯:০৭ PM

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. নাজমুল হকের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গফরগাঁও উপজেলা কমান্ড এ সভার আয়োজন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট) ভোররাতে উপজেলার ভারইল গ্রামে নাজমুল হকের বাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে বসতঘর ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গফরগাঁও উপজেলা। সঞ্চালনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ময়মনসিংহ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চঞ্চল।
সভায় বক্তব্য দেন গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, রাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন, সালটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুর রহমান, গফরগাঁও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ময়মনসিংহ জেলা যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরসহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ