প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ২:৫৮ পিএম আপডেট: ১৬.০৮.২০২৫ ৩:০২ PM

সংগৃহীত ছবি
প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচ লিভারপুলের জন্য ছিল একইসাথে জয়োৎসব আর শোকস্মৃতি। বোর্নমাউথকে ৪–২ গোলে হারালেও পুরো অ্যানফিল্ড ডুবে ছিল প্রয়াত পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়োগো জোতার স্মরণে।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে লিভারপুল কোচ আরনে স্লট বলেন, যখন খেলা ২–২ ছিল, তখন আমি জানতাম কাকে মাঠে নামাতে চাই—ডিয়োগো জোতাকে । কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, তাকে আর কখনও নামানো সম্ভব নয়।
গত ৩ জুলাই সড়ক দুর্ঘটনায় মারা যান জোটা। নিয়মিতভাবেই বেঞ্চ থেকে তাকে ব্যবহার করতেন স্লট, ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য। এবার সেই ভূমিকায় নেমে এসেছিলেন ফেডেরিকো কিয়েসা। তিনি ৮৭তম মিনিটে গোল করে লিভারপুলকে ৩–২ গোলে এগিয়ে দেন। যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন মোহাম্মদ সালাহ।
অ্যানফিল্ডে ম্যাচ শুরুর আগে ছিল বিশাল মোজাইক, ২০ মিনিটব্যাপী করতালি—সবার সম্মিলিত শ্রদ্ধা নিবেদন জোতার প্রতি। স্লট বলেন, এটা আমার অ্যানফিল্ডে দেখা সবচেয়ে আবেগঘন রাত। শুধু পারফরম্যান্স নয়, প্রতিটি মুহূর্তে দিয়োগোকে স্মরণ করার জন্যও।
তিনি আরও জানান, পুরো মৌসুমজুড়ে প্রতিটি মাঠে জোতার স্মৃতি বহন করে খেলতে চায় দল।
বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা নতুন মৌসুমে আরও শক্তিশালী স্কোয়াড নিয়ে নামছে। তাদের লক্ষ্য স্পষ্ট—শিরোপা ধরে রাখা এবং চ্যাম্পিয়ন্স লিগের আগের মৌসুমের হতাশা কাটিয়ে ওঠা।
স্বদেশ প্রতিদিন/ এমএএম