প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৮:৫৪ পিএম আপডেট: ১৪.০৮.২০২৫ ৮:৫৬ PM

সংগৃহীত ছবি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী-বেলাব পাড়ের মানুষ সুতিয়া নদীর উপর স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে প্রায় এক ঘণ্টা চলা কর্মসূচিতে দুই উপজেলার শত শত মানুষ অংশগ্রহণ করেন।
‘আমাদের স্বপ্ন, আমাদের সেতু’ এই স্লোগান নিয়ে আয়োজন করা মানববন্ধনে স্থানীয়রা জানান, নদীর দুই পাড়ে রয়েছে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থান। তবে নদী পারাপারে এখনো খেয়া নৌকা বা নড়বড়ে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ ও শুকনো মৌসুমে দুর্বল এই পারাপার শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের প্রতিদিন দুর্ভোগে ফেলে।
মানববন্ধনে আয়োজকরা বলেন, শান্তিপূর্ণভাবে দাবি জানানো হলেও যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তবে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী সোহাগ মিয়া, শিক্ষক নোমান আহমেদ রিয়াদ, সমাজ সেবক মো. শফিক, শিক্ষার্থী হোসনা আারাসহ আরো অনেকে।