প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৭:২২ পিএম আপডেট: ১৪.০৮.২০২৫ ৭:৩০ PM

ঝিনাইদহের শৈলকুপায় ধান কাটার মেশিনের আঘাতে আহত একটি মেছো বাঘের শাবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শৈলকুপা পৌরসভার সাতগাছি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাতগাছি মাঠের একটি জমিতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার সময় ধানের জমিতে লুকিয়ে থাকা মেছো বাঘটি মেশিনের সামনে পড়ে মাথা ও পায়ে গুরুতর আঘাত পায়। এরপর বাঘটি পালিয়ে সেচ খালের দিকে গেলে কয়েকজন কৃষকের সামনে পড়ে। উপস্থিতি টের পেয়ে বাঘটি আক্রমণাত্মক আচরণ করলে ৮-১০ জন মিলে পিটিয়ে মেরে ফেলে। পরে সেচ খালের পাশে গর্ত খুঁড়ে মৃতদেহটি পুঁতে রাখা হয়।
স্থানীয় সাংবাদিক জাফরুল ইসলাম শিমুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন বাঘটিকে ইতিমধ্যেই হত্যা করা হয়েছে এবং এ নিয়ে এলাকাবাসী আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছে।
শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, “এমন ঘটনা আমি প্রথমে শুনছি। বর্তমানে গাজীপুরে আছি, ঘটনাস্থলে সহকর্মীকে পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।”
সচেতন মহলের দাবি, সাতগাছি গ্রামে এর আগে বাচ্চাসহ মেছো বাঘের দেখা মিলেছিল এবং ধারণা করা হচ্ছে এলাকায় আরও বন্যপ্রাণী রয়েছে।
প্রাণ-পরিবেশ-প্রতিবেশ গবেষক ও সংগঠক সুজন বিপ্লব বলেন, “শুধু মেছো বাঘ নয়, উন্মত্ত জনতার হাতে ধারাবাহিকভাবে গন্ধগোকূল, কুমির, শুশুকসহ নানা বন্যপ্রাণী নির্বিচারে হত্যা হচ্ছে। অথচ জনগণকে সচেতন করতে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ নেই। এই ঘটনায় অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ