প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১:২৪ পিএম

বিদেশি মদ ও অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ময়মনসিংহের ভালুকায় বিপুল পরিমাণ বিদেশি মদ, দেশীয় অস্ত্র এবং নগদ টাকাসহ গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা বাহাদুর (২৮)।
গত বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম বাহাদুরের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে ১১৩ বোতল অবৈধ বিদেশি মদ, চারটি দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়া এলাকার উজ্জ্বল মিয়ার ছেলে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত বাহাদুরের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে ‘বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহিদ তোফাজ্জল হত্যা মামলার’ আসামি হিসেবেও একটি মামলা রয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাদুর দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম