প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১১:৪৬ AM

কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ বাস স্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৬ টা ১৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুমিল্লা-থ-১২-১৯০২ নম্বরের একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অজ্ঞাত গাড়িকে ধাক্কা দেয়। এতে চালকসহ তিনজন যাত্রী গাড়ির ভেতরে আটকে পড়েন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে এবং ৬ টা ৩২ মিনিটে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। পরে আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দূর্ঘটনাস্থলটি দাউদকান্দি ফায়ার স্টেশন থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত। উদ্ধার কার্যক্রম শেষে ইউনিটটি সকাল ৭টা ১০ মিনিটে স্টেশনে ফিরে আসে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিএনজি চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েই এ দুর্ঘটনা ঘটান।
আহতদের পরিচয় বা অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
স্বদেশ প্রতিদিন/এমএম