প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১২:৩৮ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর এলাকায় দুটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার (১৩ আগস্ট) রাতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- দড়িগোবিন্দপুর গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬) এবং ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬)।
আরাফাত ছিলেন মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র এবং শিহাব পড়তেন কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণিতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে আরাফাত ও শিহাব মোটরসাইকেলে পার্শ্ববর্তী বয়েরাতলা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলের সঙ্গে তাদের ত্রিমুখী সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আরাফাত, শিহাব এবং বাইসাইকেল আরোহীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, ফরিদপুরে নেওয়ার পথে শিহাব এবং ঢাকায় নেওয়ার পথে আরাফাত মারা যান।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম