প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১১:৪১ AM

২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল শুরু হয়েছে ৪ আগস্ট। এর পর প্রথম ১০ দিনেই ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর একই সময়ের তুলনায় এবার প্রথম ১০ দিনে ই-রিটার্ন দাখিলের হার প্রায় পাঁচ গুণ বেশি। ২০২৪-২৫ কর বছরের প্রথম ১০ দিনে অনলাইনে রিটার্ন দাখিল করেছিলেন মাত্র ২০ হাজার ৫২৩ জন।
উল্লেখ্য, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ বছর অনলাইন রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন।
গত ৩ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড জারি করা আদেশে বলা হয়, ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত দেশের সব ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। পরবর্তীতে গত ১১ আগস্ট বিশেষ আদেশটি প্রতিস্থাপন করে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদেরও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়।
ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তা করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার স্থাপন করেছে। কল সেন্টারের ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন। এছাড়া www.etaxnbr.gov.bd এর eTax Service অপশন থেকে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যা লিখিতভাবে জানাতে পারবেন এবং সমাধান পাবেন।
ব্যক্তিশ্রেণির করদাতাদের যথাসময়ে www.etaxnbr.gov.bd পোর্টাল ব্যবহার করে দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য অনুরোধও জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
স্বদেশ প্রতিদিন/এমএম