প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৭:৩৩ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৮ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক আদেশনামায় বিষয়টি জানানো হয়।
কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমানকে সভাপতি এবং কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আসাদুজ্জামান সরকারকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ডিন পরিষদের আহ্বায়ক ও কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান এবং শিক্ষা বিষয়ক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদ।
কমিটির কার্যপরিধি চারটি—
১. দুই অনুষদের শিক্ষার্থীদের আবেদন বিবেচনা করা।
২. অনুষদীয় সভার সিদ্ধান্ত পর্যালোচনা করা।
৩. ছাত্র প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমাধানের সুপারিশ প্রদান।
৪. সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর ও পেশাজীবী গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে করণীয় ঠিক করা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ