প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৭:২৮ পিএম আপডেট: ১২.০৮.২০২৫ ৭:৩৫ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ১৭ ফেব্রুয়ারি শেষ হয়। ভর্তি পরীক্ষার ৫ মাস পেরোলেও শুরু হয়নি ক্লাস।
স্নাতক প্রথম বর্ষে পোষ্য ভর্তি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় প্রথম বর্ষের ক্লাস কবে নাগাদ শুরু হতে পারে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পোষ্য ভর্তির জটিলতার জন্যই ইচ্ছে করে ভর্তি কার্যক্রম ধীরগতিতে রাখার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে।
জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। সেই সাথে শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা বৃদ্ধির জন্য কমিটি গঠন করেন তিনি।
কিছু যৌক্তিক সংস্কারসহ প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে পোষ্য ভর্তির সুযোগ ফেরত চান শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। প্রশাসনের সাথে সেই দ্বন্দ্বে আটকে আছে ভর্তি কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা যায়, ভর্তি কার্যক্রম শেষ করে জুলাই মাসের মধ্যেই প্রথম বর্ষের ক্লাস শুরু করার পরিকল্পনা ছিল। তবে পোষ্য ভর্তির বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় ধীর গতিতে চলছে ভর্তি কার্যক্রম। কয়েক দফায় মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষে বর্তমানে মুক্তিযোদ্ধাসহ বিদ্যমান বিভিন্ন কোটাধারিদের ভর্তি কর্যক্রম চলছে।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরে ভর্তি পরীক্ষা শেষ হয়ে ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাস শুরু হয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ৩ জুলাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২২ জুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১ জুলাই এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৭ জুলাইয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে।
প্রায় পাঁচ মাস আগে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ক্লাস শুরু করতে না পারায় শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে।
পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪ তম ব্যাচের শিক্ষার্থী নুসরাত ঐশি বলেন, সাড়ে পাঁচ মাস পরেও ভর্তি কার্যক্রম শেষ হয়নি। স্বাভাবিকভাবেই একটু উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছি। প্রত্যাশা রাখবো জাবি কর্তৃপক্ষ দ্রুত ক্লাস শুরু করবে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, আমি পোষ্য বাতিল করেছি কিন্তু প্রাতিষ্ঠানিক সুবিধা বিলুপ্ত করিনি। এ ইস্যুতে আরেকটু সময় প্রয়োজন। প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে পোষ্য কোটা চালুর পরিকল্পনা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে