প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৯:৪৭ পিএম

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো আধুনিক ডিজিটাল এক্স-রে (ডিআর) মেশিন চালু হচ্ছে।
মঙ্গলবার (১২ আগস্ট) থেকে এই মেশিনের কার্যক্রম পূর্ণরূপে শুরু হবে বলে হাসপাতালের তত্তাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানিয়েছেন।
রবিবার থেকে পরীক্ষামূলকভাবে এক্স-রে সেবা প্রদান শুরু হলেও মঙ্গলবার থেকে রোগীরা সরকারি নির্ধারিত ২০০ টাকায় দ্রুত ও উন্নত মানের এক্স-রে সেবা পাবেন। নতুন মেশিনের মাধ্যমে রিপোর্ট পাওয়ার সময় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ৩-৪টি মেশিন ব্যবহার করে রোগীরা দ্রুত ফিল্মসহ রিপোর্ট হাতে পাবে।
পুরোনো এনালগ পদ্ধতির তুলনায় এই ডিজিটাল এক্স-রে ইমেজিং সিস্টেম অনেক উন্নত এবং পরিষ্কার ছবি দেয়।
এক্স-রে টেকনিশিয়ান মৃত্যুঞ্জয় রায় জানান, নতুন মেশিনে দ্রুত ও আন্তরিক সেবা দেওয়া হবে এবং ফিল্ম তৈরির সক্ষমতাও বৃদ্ধি পাবে। এর আগে হাসপাতালে ১২৮ স্লাইসের অত্যাধুনিক সিটিস্ক্যান মেশিন সংযোজন করা হয়েছিল, যা খুলনা বিভাগের মধ্যে সেরা।
রেডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু সাঈদ বলেন, “ডিআর এক্স-রে মেশিন স্থাপনের ফলে যশোরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এখন থেকে রোগীদের ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে না গিয়েই সরকারি হাসপাতালে সাশ্রয়ী খরচে উন্নত এক্স-রে সেবা পাওয়া সম্ভব হবে।”
রবিবার এই সেবার সুবিধা গ্রহণ করেন যশোরের ফুলসারা গ্রামের মতিয়ার রহমান ও ঝিনাইদহ সদর উপজেলার শরিফুল ইসলাম। তারা দ্রুত সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
হাসপাতালে মোট ৪টি ডিজিটাল এক্স-রে মেশিন রয়েছে, যার মধ্যে নতুন সংযোজন ডিআর ৫০০-এমএ মেশিনটি সবচেয়ে আধুনিক ও উচ্চক্ষমতাসম্পন্ন, যা সরকারি হাসপাতালে প্রথমবারের মতো বসানো হলো। মেশিনটির মূল্য কোটি টাকারও বেশি এবং এটি প্রায় ১০ বছর সেবা দিতে সক্ষম।
স্বদেশ প্রতিদিন/ আরএফ