প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৯:২৫ পিএম আপডেট: ১১.০৮.২০২৫ ৯:৩১ PM

সামাজিক সচেতনতা ও মানবিক সংগঠন ‘তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন বাংলাদেশ’-এর উদ্যোগে সোমবার (১১ আগস্ট) পাবনা শহরে ফলজ ও ঔষধি গাছ বিতরণ ও রোপণের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় লাইব্রেরি বাজারের দারুল আবরার হাফিজিয়া মাদ্রাসার সামনে শতাধিক উন্নতমানের আম, জাম, লিচু, পেয়ারাসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক, পথচারী ও রিকশাশ্রমিকদের মধ্যে বিতরণ করা হয়। পরে সংগঠনের সদস্যরা সড়কের পাশে গাছ রোপণ করেন, যা পরিবেশবান্ধব উদ্যোগের উদাহরণ হয়ে ওঠে।
কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক সাংবাদিক জুবায়ের খান প্রিন্স এবং জেলা শাখার সভাপতি আয়েশা ইরা। আমেরিকান প্রবাসী ফজিল্লাতুন্নেসা নাহার ও আমিনুর রহমান অর্থায়ন করেন।
জুবায়ের খান প্রিন্স বলেন, “আমরা শুধু গাছ লাগাই না, মানুষের মনে সচেতনতার বীজ বপন করতে চাই। মানবিক সহায়তা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে গত ১৫ বছর ধরে মানুষের পাশে আছি এবং থাকবো।”
পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের এ সময়ে এ ধরনের উদ্যোগ পরিবেশ সুরক্ষায় ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন’ এর এই প্রচেষ্টা আগামী প্রজন্মের জন্য সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ