প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১:৫১ পিএম

সংগৃহীত ছবি
ভারতের বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং তার বোন লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে আটক করেছে দিল্লি পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকাল থেকে রাজধানীতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিরোধীদের বিক্ষোভ চলাকালে তাদের আটক করা হয়। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউতসহ বিরোধী দলের আরও কয়েকজন সাংসদকেও আটক করা হয়। সংসদ ভবনের বাইরে থেকে মধ্য দিল্লির রাস্তায় আন্দোলন ছড়িয়ে পড়লে পুলিশ ব্যারিকেড বসিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয়। এসময় তৃণমূল সাংসদ মিতালি বাগ অসুস্থ হয়ে পড়লে রাহুল গান্ধী তাকে সহায়তা করেন।
কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট ওইদিন সকালে নির্বাচন কমিশন অফিসে মিছিলের পরিকল্পনা করেছিল। তবে পুলিশ আগেই সংসদ ভবনের চারপাশের সড়ক বন্ধ করে নিরাপত্তা জোরদার করে। উত্তেজনা বাড়ায় সংসদের উভয় কক্ষ দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়।
বিরোধীরা অভিযোগ করেছে, বিজেপি ও নির্বাচন কমিশন ভোটার তালিকা জালিয়াতি এবং প্রভাবিত করার মাধ্যমে নির্বাচনে কারচুপির চেষ্টা করছে। এই অভিযোগ মহারাষ্ট্র ও কর্নাটকের নির্বাচনের পর আরও জোরালো হয়। গত সপ্তাহে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে রাহুল গান্ধী তথ্য-প্রমাণ উপস্থাপন করে ভোটার তালিকার খসড়া অনলাইনে প্রকাশের দাবি জানান।
বিহারের ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের ঘোষিত ‘বিশেষ নিবিড় সংশোধনী’ প্রক্রিয়াও বিরোধীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা বর্তমানে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর