প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৮:৪৮ পিএম

রাজধানীর সদরঘাটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে মুফতিজুল কবির কিরন, সাদ্দাম হোসেন, মানিক, বিল্লালসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শাহাদাত হোসেন বাদী হয়ে গত ৮ আগস্ট রাতে মামলা করেছেন।
এজাহারে বলা হয়, ৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে লঞ্চের স্টাফ জসিমের সঙ্গে টিকিট কাটা নিয়ে তর্ক হয়। আনিস নিজের পরিচয় দিলে জসিম ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে চলে যেতে বলে। পরে বিশ্ববিদ্যালয়ে আসার পর তার বন্ধুরা ঘটনার খোঁজ নিতে লঞ্চঘাটে গেলে লঞ্চের কর্মীরা খারাপ আচরণ করেন।
এ সময় লঞ্চ কর্তৃপক্ষের পরিচয় দিয়ে মুফতিজুল কবির কিরনসহ প্রায় ২০-২৫ জন অস্ত্রসজ্জিত লোক লাঠি, রড ও ছুরিসহ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং মোবাইল, ঘড়ি ও নগদ অর্থ লুটপাট করা হয়।
আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মো. সোহাগ রানা জানান, গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে ৭ আগস্ট পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে জবি, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অন্তত ৯ শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ