প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৬:৩৩ পিএম

নাইমুর রহমান রিদম
পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা নাইমুর রহমান রিদম।
অভিযুক্ত রিদম বাগছাসের ঢাবি শাখার ক্রীড়া সেলের সহ-সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী।
বিভাগীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই চতুর্থ সেমিস্টারের ২০৬ নম্বর কোর্সের ফাইনাল পরীক্ষায় নকল করার সময় তাকে পরিদর্শক হাতেনাতে ধরেন। সহপাঠীদের অভিযোগ, রিদম মোবাইল ফোন ব্যবহার করে উত্তর লিখছিলেন। এসময় পরিদর্শক তার কাছ থেকে মোবাইল ও উত্তরপত্র জব্দ করেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যোবায়ের এহসানুল হক বলেন, “বিষয়টি আমরা পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠিয়েছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র জানায়, নকলের প্রমাণ পাওয়ার পর শৃঙ্খলা কমিটি মোবাইল ও খাতা জব্দ করেছে। এ ধরনের অপরাধে সাধারণত পরীক্ষায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। শৃঙ্খলা কমিটির জরুরি সভা শেষে তার বিরুদ্ধে বড় ধরনের শাস্তির ঘোষণা আসতে পারে।
এ বিষয়ে বাগছাসের ঢাবি শাখার সদস্য সচিব মহির আলম বলেন, “ঘটনাটি আগে জানতাম না। এখন তদন্তের জন্য কমিটি করা হবে। তদন্ত শেষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”