প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১০:০৬ পিএম

সংগৃহীত ছবি
ফাইনালের আগে দুর্দান্ত পারফরম্যান্সে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সিরিজের শেষ গ্রুপ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ১৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নিল আজিজুল হাকিমের নেতৃত্বাধীন দল।
হারারেতে টসে হেরে আগে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৪ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে থেমে যায় মাত্র ১২৪ রানে। বল হাতে আলো ছড়ান রিজান হোসেন ও অধিনায়ক আজিজুল হাকিম—দুজনই নেন ৩টি করে উইকেট।
শুরুতে জাওয়াদ আবরার ৫ রানে ফিরে গেলেও ওপেনার রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল গড়েন ১১২ রানের গুরুত্বপূর্ণ জুটি। আজিজুল ৩৪ রান করে আউট হলেও রিফাত ইনিংস ধরে রাখেন। যদিও শতকের আভাস দিয়ে ৭৮ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৭ রান করে বিদায় নেন তিনি।
মাঝে রিজান (৩০) ও আব্দুল্লাহ (৩৭) দ্রুত রান তুলেন। শেষ দিকে ফরিদ হাসান ও দেবাশীষ দেবার ব্যাটে আসে ঝড়। ফরিদ ৪৪ বলে ৩৮* এবং দেবাশীষ মাত্র ১৩ বলে ৩৪* রান করেন। তাঁদের ঝোড়ো সপ্তম উইকেট জুটিতে ৫১ রান যোগ হয় স্কোরবোর্ডে।
জিম্বাবুয়ের ব্যাটিং শুরু থেকেই ধুঁকতে থাকে। ১৬ রানেই তারা হারায় ৩ উইকেট। একমাত্র কিছুটা প্রতিরোধ গড়েন জুজে (৪৭) ও ব্লিগনাউট (৩০), তবে দলকে ভরাডুবি থেকে বাঁচাতে পারেননি কেউই।
আগামী ১০ আগস্ট ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল—যাদের আগের ম্যাচেই হারিয়েছে আজিজুলের দল। এবার সেই প্রতিপক্ষের বিপক্ষেই লক্ষ্য শিরোপা জয়।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯: ৫০ ওভারে ২৮৪/৬ (রিফাত ৭৭, ফরিদ ৩৮*, আব্দুল্লাহ ৩৭, দেবাশীষ ৩৪*; মাজভিতোরেরা ৩/৭০)
জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯: ৩৫ ওভারে ১২৪ (জুজে ৪৭, ব্লিগনাউট ৩০; রিজান ৩/৯, আজিজুল ৩/২৫, আল আমিন ২/২৭)
ফল: বাংলাদেশ ১৬০ রানে জয়ী